অ্যাপে ২২ জেলা থেকে বোরো ধান সংগ্রহ করবে সরকার : পলক

১ মে, ২০২০ ১৯:২৬  
কৃষকেরা যেন ধানের ন্যায্য মূল্য পায় সে জন্য সরকার দেশের ২২টি জেলায় অ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার (০১ মে) ধান কাটা ও মাড়াইয়ের জন্য ভুর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণকালে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী সিংড়ার কৃষকদের জন্য ১৪টি হারভেস্টার মেশিন ও ১টি রিপার মেশিন বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ডিজেল চালিত (বিঘা প্রতি ৮-১০ লিটার) ১টি কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে প্রতি ঘন্টায় ৩বিঘা জমির ধান কর্তন করা যায় বলে জানিয়েছেন জুনাইদ আহমেদ পলক। তিনি আরো জানন, চলতি মৌসুমে চলনবিলে প্রায় ৩৩% ধান কর্তন শেষ হয়েছে। বন্যা আসার আগে আল্লাহর রহমতে ধান কর্তন সম্পূর্ণ হবে। কৃষকের সোনার ফসল ঘরে তুলতে প্রায় ২৫ হাজার বাইরের শ্রমিক ও ১০ হাজার স্থানীয় শ্রমিক ধান কাটতে ব্যস্ত সময় পার করছে।